
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইজন এবং জিআর/সিআর ওয়ারেন্টের ভিত্তিতে একজন রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সুন্দরগঞ্জ থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকরের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর/সিআর (সাজাসহ) ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন উপজেলার বামনজল গ্রামের মোঃ খোকন মিয়া। তিনি ওই গ্রামের মোঃ কলিম মিয়ার ছেলে।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন—সুন্দরগঞ্জ উপজেলার ৮ নম্বর ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের মৃত ছামছুল হকের ছেলে মোঃ আশরাফ আলী (৪৬) এবং রামধন গ্রামের মৃত ওসমান গণির ছেলে মোঃ মতিউর রহমান (৫০)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে নিয়মিত ও পূর্বের নিয়মিত মামলায় নতুন করে কাউকে গ্রেফতার করা হয়নি। এ ছাড়া মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কিংবা নারী ও শিশু নির্যাতন ও অপহরণসংক্রান্ত ঘটনায় কোনো ভিকটিম উদ্ধারের তথ্য পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গাইবান্ধা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।