
নিজস্ব প্রতিবেদক:
“স্বৈরতন্ত্রের ঠাঁই নেই বাংলার মাটিতে”—এই শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিল গাইবান্ধার সুন্দরগঞ্জ। ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় র্যালিটি উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদের নেতৃত্বে উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম সরকার, সদস্য সচিব মতিয়ার রহমান, তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবির এবং শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, “৫ আগস্ট গণতন্ত্র রক্ষার গৌরবময় একটি দিন। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়—কোনো স্বৈরতান্ত্রিক সরকারই টিকতে পারে না। জনগণ গণতন্ত্রের পক্ষে, দমন-পীড়নের বিরুদ্ধে।”
বক্তারা আরও বলেন, “বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।”
তারা কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং গণআন্দোলন জোরদার করার আহ্বান জানান।