
মোঃ দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর উপর নির্মাণাধীন ১,৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার হরিপুর-চিলমারী সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলতি জুলাই মাসেই এই সেতুর উদ্বোধনের সম্ভাবনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
গত শুক্রবার (৪ জুলাই) দুপুরে তিনি সেতুর চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন,
“সেতুর ৯৬ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ‘জুলাই আন্দোলন’কে স্মরণীয় করে রাখতে এই মাসেই সেতুটি উদ্বোধনের আপ্রাণ চেষ্টা চলছে।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া, যুগ্ম সচিব সামছুল ইসলাম, গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেতুটি চালু হলে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে দুই উপজেলার জনগণের যাতায়াত সহজতর হবে এবং কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী স্থানীয়রা।
এই সেতু উত্তরাঞ্চলের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল, যা বাস্তবায়নের পথে এখন একেবারে শেষ প্রান্তে।