
সুন্দরগঞ্জ (গাইবান্ধা), প্রতিনিধি:
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য সাইকেল র্যালি। এতে প্রায় এক হাজার সাইকেল আরোহী অংশগ্রহণ করেন। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই র্যালি স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হন। সকাল সাড়ে ৭টায় র্যালিটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাওলানা ভাসানী সেতু এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন সুন্দরগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. সোহান ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক মো. মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. শাওন ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও নেতাকর্মীরা ইসলামী ছাত্রশিবিরের আদর্শ, শিক্ষা, নৈতিকতা ও সচেতনতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং উৎসবমুখর।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই ব্যতিক্রমী সাইকেল র্যালির আয়োজন করা হয়।
স্থানীয়ভাবে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে র্যালিটি প্রত্যক্ষ করেন এবং এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান।