
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার দিশারী - Humanitarian Youth Organization”। সংগঠনটির আয়োজনে ঈদ-উপহার বিতরণ ও স্বাবলম্বীকরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ, ২০২৬) সকাল ১১টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অসহায় ও সুবিধাবঞ্চিত ৪০টি পরিবারের মাঝে ঈদ-উপহার বিতরণ করা হয়। একইসাথে একজন ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিশেষ সহায়তা প্রদান করা হয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ শাওন। তিনি তার বক্তব্যে বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। ভবিষ্যতেও তিনি সংগঠনটির পাশে থেকে বিভিন্ন মানবকল্যাণমূলক ও শিক্ষামূলক কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনডাঙ্গার বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মোঃ নওশাদ আলী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা পাঠাগারের সভাপতি শেখ রাশেদুজ্জামান। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং “মানবতার দিশারী”-এর উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান নূর। তিনি বলেন, “মানবতার দিশারী শুধু তাৎক্ষণিক সহায়তায় সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদে অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সিজান এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম আরিফ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতি জাবের আল মামুন।
এ সময় সংগঠনের দপ্তর সম্পাদক ফারহান সাদিক সংগঠনের চলমান কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সকলকে এ মহৎ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং একটি মানবিক, সহমর্মী ও স্বাবলম্বী সমাজ গঠনে তারা নিরলসভাবে কাজ করে যাবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: db71pratidin@gmail.com